আসানসোল, ২৪ আগস্ট (হি.স.): মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সোমবার চালু হল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। আসানসোল দুর্গাপুর পুলিশ লাইন সংলগ্ন বার্নপুর রোডের শরৎ মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিশেষ বাহিনীর উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলাম, পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার, আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
উদ্বোধনের পর সবুজ পতাকা দেখিয়ে ‘দুর্গা স্কোয়াড’-এর সদস্যদের রওনা করান মন্ত্রী। তিনি জানান, প্রাথমিকভাবে ১০ জন প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মী এই স্কোয়াডে যুক্ত হয়েছেন। ১০টি মোটরসাইকেল ও স্কুটিতে চেপে তাঁরা জেলার বিভিন্ন এলাকায় টহল দেবেন এবং মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় দ্রুত পদক্ষেপ নেবেন। পরে দুর্গাপুরেও এই পরিষেবা চালু করা হবে।
অগ্নিমিত্রা পাল বলেন, মহিলাদের উপর অত্যাচার, শ্লীলতাহানি, আক্রমণ বা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা রোধে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জিরো টলারেন্স’ নীতির ভিত্তিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও মহিলা বিপদের মুখে পড়লে ১০০ বা ১১২ নম্বরে ফোন করলেই দুর্গা স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। উৎসবের মরশুমের আগে এই বিশেষ বাহিনীর সূচনা মহিলাদের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়



