রাঁচি, ২৫ আগস্ট : ঝাড়খণ্ডে অব্যাহত রয়েছে বৃষ্টির দাপট। গত ২৪ ঘণ্টায় পালামু জেলার উঁটারি রোডে সর্বাধিক ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময়ে ডালটনগঞ্জে ৬৫.৬ মিলিমিটার এবং রাঁচিতে ২১.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৯ আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে রাজ্যজুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি এলাকায় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ২৫ আগস্ট পর্যন্ত ঝাড়খণ্ডে মোট ৬৭৬.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হওয়ার কথা ছিল ৭৫১.৪ মিলিমিটার। অর্থাৎ, চলতি বর্ষায় এখনও পর্যন্ত রাজ্যে স্বাভাবিকের তুলনায় ১০ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই রাঁচি ও সংলগ্ন এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। দুপুরের পরেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকে। বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। ফলে দিনের আবহাওয়া ছিল তুলনামূলক ঠান্ডা ও মনোরম। মঙ্গলবার রাঁচিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জামশেদপুরে সর্বোচ্চ ৩১.৫ এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি, ডালটনগঞ্জে ৩০.৭ ও ২৫.৭ ডিগ্রি, বোকারোতে ৩০.২ ও ২৪.১ ডিগ্রি এবং চাইবাসায় ৩১ ও ২৫.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।




