শিমলা, ২৬ আগস্ট : হিমাচল প্রদেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি চলছেই, এরই মধ্যে বুধবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৫টা ৪৬ মিনিট নাগাদ শিমলায় মৃদু কম্পন অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৩১.৩৮৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৭.৭৮৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে; এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এই কম্পনের ফলে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে, বুধবার ভোরের দিকে চাম্বাতেও রিখটার স্কেলে ২.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভোর ৪টা ৩৮ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের এক আধিকারিক জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা কম হওয়ায় শিমলা ও চাম্বা জেলা কিংবা সংলগ্ন এলাকায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।




