নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও তাঁর স্ত্রীকে নিয়ে মিথ্যা অভিযোগ করার কারণেই কংগ্রেস নেতা পবন খেরাকে রাজ্যসভার আসন দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর দাবি, অভিযোগের ফল উল্টো হলেও খেরা রাজ্যসভায় পৌঁছে গিয়েছেন, যদিও তিনি এই আসনের যোগ্য ছিলেন না।
বুধবার সামাজিক মাধ্যমে চলা বিতর্কের মধ্যেই এই অভিযোগ করেন রিজিজু। তিনি বলেন, “দুই প্রবীণ কংগ্রেস নেতা আমাকে জানিয়েছেন, অসম বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ে রাহুল গান্ধী পবন খেরাকে হিমন্ত বিশ্ব শর্মা ও তাঁর স্ত্রী রিনিকির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে বলেছিলেন। সেই অভিযোগ উল্টো ফল দেওয়ার পর খেরাকে পুরস্কার হিসেবে রাজ্যসভার আসন দেওয়া হয়, যার তিনি যোগ্য ছিলেন না।”
রিজিজু ও পবন খেরার মধ্যে রবিবার থেকে সামাজিক মাধ্যমে বাকযুদ্ধ চলছে। অরুণাচলে নদীতে সাঁতার কাটার একটি ভিডিও রিজিজু সামাজিক মাধ্যমে প্রকাশ করার পর খেরা তাঁকে নিয়ে মন্তব্য করেন। এরপরই দু’জনের মধ্যে বিতর্ক শুরু হয়।
এর আগে মঙ্গলবার রিজিজু বলেছিলেন, পবন খেরা তাঁর দলের মনোনীত রাজ্যসভার প্রথমবারের সাংসদ এবং তিনি আটবার নির্বাচনে লড়েছেন। তবে তার অর্থ এই নয় যে, খেরা ‘অভদ্র মন্তব্য’ করার অধিকার পেয়ে গিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য



