দুর্গাপুর, ২৪ আগস্ট (হি.স.): রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে তাড়া! এখানেই শেষ নয়, ভাঙচুর করা হল ঘরের আসবাবপত্রও। রবিবার রাতে ঘটনাকে ঘিরে করে তুলকলাম কান্ড দুর্গাপুরের ডিপিএল কলোনিতে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করল পুলিশ। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় ।
প্রসঙ্গত, রাজ্য পরিবর্তনের পর তৃণমূলের অনেক দুর্নীতিগ্রস্ত নেতার ওপর রোষানল পড়ে জনতার। জানা গিয়েছে, দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডল ও তার দাদা এলাকায় যথেষ্ট অত্যাচার চালাতেন বলে অভিযোগ। গত প্রায় চার মাস পর রবিবার রাতে বাড়ি ফেরার কথা শুনেই বাড়ি ঘিরে ফেলেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী সর্মথকেরা। রাত গড়াতে উত্তজনার পারদ চড়তে শুরু করে।
অভিযোগ, বিক্ষোভ চলাকালীন প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে চড়াও হয় ক্ষিপ্ত জনতা। বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ সময় অপেক্ষার পরে ভিড়কে ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কোক ওভেন থানার বিশাল পুলিশ। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের সেলও। ঘটনায় আটক করে নিয়ে যাওয়া হয়, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর শশাষ্ক শেখর মন্ডলকে। পুলিশের লাঠি র আঘাতে বেশ কয়েকজন আহত বলে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। ঘটনার পরও চাপা উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। সোমবার দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে মানুষকে যেভাবে অত্যাচার চালিয়েছে। শোষন করেছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। পুলিশ দেখছে বিষয়টি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রনে। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




