কৃষ্ণনগর, ২৪ আগস্ট (হি. স.) : মুর্শিদাবাদে সরকারি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে সোমবার কৃষ্ণনগর সার্কিট হাউসে পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গে সংক্ষিপ্ত পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের শ্রম ও পরিবহণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং। জেলার পরিবহণ রাজস্ব আদায় এবং এনফোর্সমেন্ট পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
এদিকে এদিনের বৈঠকে নদিয়ার আরটিও অসীম কুমার মণ্ডল, এআরটিও অনির্বাণ বিশ্বাস-সহ পাঁচ জন এমভিআই (এনটি) এবং সাত জন এমভিআই (এনটি) উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বিশেষ করে টোটো ও ভ্যানের নিয়ন্ত্রণ এবং এনফোর্সমেন্ট নিয়ে বৈঠকে জোর দেওয়া হয়। নিয়ম না মেনে চলা এবং বেআইনি বা অনিয়ন্ত্রিত যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। পরিবহণ আইন ও বিধি কার্যকর করার ক্ষেত্রে যাতে কোনও গাফিলতি না থাকে, সে বিষয়ে আধিকারিকদের সতর্ক করেন তিনি। পাশাপাশি পরিবহণ রাজস্ব আদায়ের বিষয়েও নিয়মিত নজরদারি এবং কার্যকর এনফোর্সমেন্টের উপর জোর দেন মন্ত্রী। মঙ্গলবার অর্থাৎ ২৫ আগস্ট মুর্শিদাবাদে সরকারি কর্মসূচি, বৈঠক ও পরিদর্শনে মঙ্গলবার যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




