নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : লোকসভার বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হওয়ার ১০ দিন পরেও অধিবেশন আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত না হওয়ায় প্রশ্ন তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল বিশেষ অধিবেশনে পাশ করাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ের চেষ্টা করছেন কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?
রবিবার ‘এক্স’-এ পোস্ট করে রমেশ বলেন, সাধারণত লোকসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হওয়া এবং অধিবেশন সমাপ্তির মধ্যে দু’ থেকে চার দিনের ব্যবধান থাকে। অনেক ক্ষেত্রে একই দিনেই দু’টি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, বর্তমান লোকসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও এখনও অধিবেশন সমাপ্তির কোনও খবর নেই। এই বিলম্বকে অস্বাভাবিক বলে দাবি করে এর কারণ স্পষ্ট করার জন্য সরকারের কাছে দাবি জানান রমেশ।
কংগ্রেস নেতা বলেন, ২০১৫ সালে বাদল অধিবেশন মুলতুবি হওয়া এবং অধিবেশন সমাপ্তির মধ্যে ২৮ দিন এবং ২০২১ সালে ২০ দিনের ব্যবধান ছিল ঠিকই। তবে তাঁর দাবি, ওই দু’বার কোনও ‘গুরুতর ষড়যন্ত্র’ চলছিল না।
এবার এই অস্বাভাবিক বিলম্বের কারণ কী, তা নিয়ে প্রশ্ন তোলেন রমেশ। তাঁর অভিযোগ, বিশেষ অধিবেশন ডেকে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা কি এখনও চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




