শিলিগুড়ি, ২৪ আগস্ট : নেপাল যাওয়ার পথে পানিট্যাঙ্কি অভিবাসন দফতর থেকে এক আফগান যুবককে গ্রেফতার করল পুলিশ। একই ঘটনায় তার এক ভারতীয় বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আফগান যুবক আব্দুলা খানের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ভারতে থাকার সুবাদে টাকার বিনিময়ে ওই যুবক জাল ভারতীয় নথি তৈরি করেছিল। তার বিরুদ্ধে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফে লুকআউট সার্কুলার নোটিশও জারি করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার শিবপুর এলাকায় থাকত আব্দুলা খান। সেখানে তার সঙ্গে থাকত ভারতীয় বন্ধু শঙ্কর বনিক। শঙ্কর বিধাননগরের দত্তাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে।
নেপাল যাওয়ার উদ্দেশ্যে পানিট্যাঙ্কি অভিবাসন দফতরে পৌঁছনোর পর আব্দুলাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একাধিক ভারতীয় নথি উদ্ধার হয়। ঘটনায় শঙ্করকেও গ্রেফতার করা হয়েছে।
ধৃত দু’জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সোমবার তাঁদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। কীভাবে জাল নথি তৈরি করা হয়েছিল, এর সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং অভিযুক্তের ভারতে থাকার বিষয়ে বিস্তারিত তথ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।





