কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) স্টেডিয়ামে চলমান দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত। প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ছিল ৩০০। দ্বিতীয় দিনের একটা দীর্ঘ সময় বৃষ্টির জন্য খেলা হয়নি, তাতেও ধ্রুব জুরেল, ঋষভ পন্থদের ব্যাট থেকে এসেছে রান। জুরেল সেঞ্চুরি করেছেন। আর নজির গড়েছেন পন্থ। ৫০৩/৯ রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করেন শুভমান গিল। দিন শেষে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার রান ২ উইকেট হারিয়ে ৮।
প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন দেবদত্ত পাড়িক্কল (১১৭)। হাফসেঞ্চুরি করেন শুভমান গিলও। চোট পেয়ে পন্থ উঠে গেলেও টিম ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছিল তিনি পরে ব্যাট করবেন। দ্বিতীয় দিনে তিনি হাতে ব্যান্ডেজ বেঁধে নেমে ৮৯ বলে ৬৩ রান করেন।
আর পন্থ এদিন তিনটি নজির গড়েন। টেস্টে ছক্কা হাঁকানোয় ছাপিয়ে গেছেন অ্যাডাম গিলক্রিস্টকে। ৫২ টেস্টে মেরেছেন ১০২টি ছয়। গিলক্রিস্টের ছয়ের সংখ্যা ১০০। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান এখন এই উইকেটকিপারের (২৯৪৮)। এখানেই শেষ নয়,পন্থ ছাপিয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনিকেও। বিদেশে ৩৬ টেস্টে পন্থের রান ২৫৩৪। সেখানে ৪৮ টেস্টে ধোনি করেছিলেন ২৪৯৬।
দ্বিতীয় দিনের শেষে সেঞ্চুরি পেয়েছেন ধ্রুব জুরেল। সম্ভবত ভারতীয় দলে জায়গাটা পাকা করে নিলেন এই উইকেটকিপার। দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ৮। উইকেট দুটি নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ ও মানব সুথার। শ্রীলঙ্কা এখন পিছিয়ে আছে ৪৯৫ রানে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




