কলকাতা, ২১ অগস্ট (হি. স.) : এবার ক্রিকেট প্রশাসনেও ডিজিটালের ছোঁয়া। ‘গো গ্রিন’ উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে শুক্রবার থেকেই আনুষ্ঠানিক ভাবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর নতুন এইচআর ম্যানেজমেন্ট অ্যাপ চালু হল। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এবং কোষাধ্যক্ষ সঞ্জয় দাসের পরিকল্পনায় তৈরি এই অ্যাপের মাধ্যমে প্রশাসনিক কাজে কাগজের ব্যবহার ৩০ শতাংশেরও বেশি কমবে বলে জানানো হয়েছে।এ দিন অ্যাপটির উদ্বোধন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব বাবলু কোলে, সহ-সভাপতি নীতিশরঞ্জন দত্ত-সহ প্রাক্তন পদাধিকারী, বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্য এবং প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারেরা। ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামীও।
নতুন অ্যাপে এক জায়গা থেকেই কর্মীদের প্রোফাইল, বেতন ও সুযোগ-সুবিধার তথ্য দেখা যাবে। থাকবে জিও-লোকেশন নির্ভর হাজিরা, ডিজিটাল ছুটির আবেদন, অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি ও কর্মী-তালিকা। দাবি, বিভিন্ন অনুমোদন, দাবি ও প্রশাসনিক আবেদনও হবে সম্পূর্ণ কাগজবিহীন।
সৌরভের কথায়, মাঠের ক্রিকেট যখন দ্রুত বদলাচ্ছে, তখন তার নেপথ্যের প্রশাসনকেও আধুনিক হতে হবে। সঞ্জয় দাসের বক্তব্য, গতি ও আর্থিক দক্ষতার পাশাপাশি পরিবেশের দায়বদ্ধতাও নিশ্চিত করবে এই উদ্যোগ। তাঁর মতে, এটি ক্রিকেট প্রশাসনে সত্যিই এক ‘নতুন ইনিংস’।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত





