নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভন্ত রেড্ডির প্রস্তাবিত মার্কিন সফরে অনুমোদন দিল না বিদেশ মন্ত্রক। সফরের কর্মসূচি তাঁর পদ ও সফরের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানানো হয়েছে। তবে তাঁর ব্রিটেন সফরে অনুমোদন দিয়েছে বিদেশ মন্ত্রক।
শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অন্যান্য বিশিষ্ট ব্যক্তির বিদেশ সফরের মতোই মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তাবও রাজনৈতিক অনুমোদনের জন্য পর্যালোচনা করা হয়। প্রস্তাবিত কর্মসূচি সংশ্লিষ্ট পদ এবং সফরের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে মার্কিন সফরের কর্মসূচি সেই মানদণ্ড পূরণ করেনি। ফলে সফরের অনুমোদন দেওয়া হয়নি।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ‘তেলঙ্গানা রাইজিং’ প্রতিনিধিদলের সঙ্গে ২০ আগস্ট থেকে ব্রিটেন সফরে রয়েছেন রেভন্ত রেড্ডি। ২৩ আগস্ট ব্রিটেন থেকে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। অনুমোদন না মেলায় এখন লন্ডন থেকেই সরাসরি হায়দরাবাদে ফেরার কথা তাঁর।
মার্কিন সফরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এমআইটি-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বৈশ্বিক শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব সংক্রান্ত চুক্তি করার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে।
নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রীদের বিদেশ সফরের জন্য বিদেশ মন্ত্রকের অনুমোদন প্রয়োজন। তেলঙ্গানা সরকার রেভন্ত রেড্ডির ব্রিটেন ও আমেরিকা সফর নিয়ে বেশ কিছুদিন আগেই কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। তবে বিদেশ মন্ত্রক শুধুমাত্র ব্রিটেন সফরের অনুমোদন দিয়েছে।




