নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি. স.): সন্ত শিরোমণি গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ‘সমরসতা সংকল্প অভিযান ও পবিত্র মাটি কলস বিতরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বিজেপি তফসিলি জাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি শিবেশ কুমার রাম, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি লাল সিং, দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা এবং প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত গৌতম। তাঁরা সন্ত শিরোমণি গুরু রবিদাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতিন নবীন সন্ত রবিদাসকে শ্রদ্ধা জানিয়ে বলেন, সামাজিক উচ্চ-নীচ ভেদাভেদ ও কুসংস্কারের বিরুদ্ধে সরব হয়ে সন্ত রবিদাস সামাজিক সম্প্রীতির শক্ত ভিত গড়ে দিয়েছিলেন। তাঁর চিন্তাভাবনা আজও সমতা, সম্মান ও সামাজিক ঐক্যের প্রেরণা জোগায়।
তিনি বলেন, ‘সমরসতা সংকল্প অভিযান’-এর মাধ্যমে সন্ত রবিদাসের সেই ভাবনাগুলিই মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গত ২৯ জুলাই গুরুপূর্ণিমার পবিত্র দিনে এই অভিযানের সূচনা হয়েছিল। সন্ত রবিদাসের সাধনভূমির পবিত্র মাটি রাখা কলস দেশের বিভিন্ন প্রান্তে তাঁর সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস’-এর মূল মন্ত্রেও সামাজিক সম্প্রীতির এই ভাবনা নিহিত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, বারাণসীর পবিত্র ভূমি থেকে শুরু হওয়া ‘সমরসতা সংকল্প যাত্রা’ এবার দিল্লিতে পৌঁছেছে। পরবর্তী সময়ে এই যাত্রা দিল্লির সমস্ত জেলায় পৌঁছে যাবে। এই উদ্যোগের জন্য আয়োজকদের শুভেচ্ছা জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ও ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে শুরু হওয়া এই অভিযান সন্ত রবিদাসের শিক্ষা এবং সামাজিক সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ। পবিত্র কলসের মাটি যেন দিল্লির প্রতিটি বাড়ি ও জনপদে পৌঁছে যায় এবং এর মাধ্যমে সন্ত রবিদাসের আশীর্বাদ ও শিক্ষা মানুষের কাছে পৌঁছয়—এই কামনা করেন তিনি।
রেখা গুপ্তা বলেন, এই পবিত্র মাটি শুধুমাত্র মাটি নয়; এটি সন্ত রবিদাসের চিন্তাভাবনা, তাঁর আজীবন সামাজিক কর্মকাণ্ড এবং মানবতার প্রতি তাঁর দেওয়া পথনির্দেশের প্রতীক। সন্ত রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে এই অভিযান তাঁর আদর্শকে আত্মস্থ করার পাশাপাশি সমাজে সমতা, সম্মান ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করার সুযোগ বলেও মন্তব্য করেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, সন্ত রবিদাসের শিক্ষার মূল কথা হল সমাজে কেউ ছোট বা বড় নয়, প্রত্যেকের সমান সুযোগ ও সম্মান পাওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস’-এর মাধ্যমে এই মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দিল্লি সরকারও একই মূল্যবোধকে ভিত্তি করে উন্নয়নের কাজ করছে এবং প্রত্যেক মানুষের জন্য সমান সুযোগ ও সম্মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর মতে, সামাজিক সম্প্রীতি, সমতা ও সম্মানের শক্তিশালী ভিত্তিই ‘বিকশিত ভারত’-এর সংকল্প পূরণের অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য



