নয়াদিল্লি : লাদাখের প্রত্যন্ত এলাকার মানুষের দ্রুত বিচার পাওয়ার সুযোগ আরও সহজ করতে সেখানে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
অমিত শাহ সমাজমাধ্যমে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে লাদাখের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের বিচার পাওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে আইনি পরিষেবা পেতে তাঁদের যে সময় ও দূরত্বের সমস্যার মুখোমুখি হতে হয়, তা অনেকটাই কমবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, লাদাখের সার্বিক উন্নয়ন এবং সেখানকার সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রের এই সিদ্ধান্তকে লাদাখের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বিচারব্যবস্থাকে আরও সহজলভ্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।




