তারকেশ্বর , ২০ আগস্ট : তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, মারধর ও দুর্নীতির মতো একাধিক অভিযোগে গ্রেফতার হলেন তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম কুন্ডু। বুধবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।
উত্তম কুন্ডু একসময় আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি পদেও দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি পদে রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, তাঁর বিরুদ্ধে তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, মারধর এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর বৃহস্পতিবার উত্তম কুন্ডুকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। তাঁকে আদালতে তোলাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এবং মামলার পরবর্তী আইনি পদক্ষেপ আদালতের বিচারাধীন বিষয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। পুলিশের তদন্তে এই ঘটনার সঙ্গে আরও কোনও ব্যক্তি জড়িত রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।





