মালদা, ২৪ আগস্ট : মালদার মোথাবাড়ি থানা এলাকায় তৃণমূল কর্মী নাসিরুদ্দিনকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ধৃত আয়েস আলীকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। গত ৭ আগস্ট রাতে পঞ্চানন্দপুরের ইকতা বাজার এলাকায় নাসিরুদ্দিনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , নিহত নাসিরুদ্দিনের বয়স ২৬ বছর। তিনি মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর বিরুদ্ধে অতীতে তোলাবাজি , আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি এবং সন্ত্রাসের অভিযোগ ছিল। ওই অভিযোগের ভিত্তিতে কয়েক মাস আগে পুলিশ তাঁকে গ্রেফতারও করেছিল। তবে পরবর্তীতে জামিনে মুক্তি পান তিনি।
এরপর গত ৭ আগস্ট রাতে পঞ্চানন্দপুরের ইকতা বাজার এলাকায় নাসিরুদ্দিনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
ঘটনার পর মোথাবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে আয়েস আলীর নাম। এরপর তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হামলার কারণ এবং ব্যবহৃত অস্ত্রের সন্ধানেও তদন্ত চালাচ্ছে পুলিশ।




