অযোধ্যা, ২০ আগস্ট : উত্তর প্রদেশের অযোধ্যায় বৃহস্পতিবার আদালত চত্বরের লকআপ থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পলাতক বন্দির নাম দীপক কুমার। ঘটনার খবর পেয়ে পুলিশ মহলে তৎপরতা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির মামলায় দীপক কুমার অযোধ্যা জেলা কারাগারে বন্দি ছিল। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার জন্য কোর্টে আনা হয়। আদালতে হাজির করার আগেই সে লকআপ থেকে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায়। দীপক কুমার অযোধ্যা কোতোয়ালি এলাকার দর্শননগরের বাসিন্দা। ঘটনার পর থেকেই তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সিটি পুলিশ সুপার চক্রপাণি ত্রিপাঠী জানান, আদালত চত্বর এবং সংলগ্ন এলাকায় পলাতক বন্দির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সম্ভাব্য পালানোর পথ এবং বিভিন্ন সম্ভাব্য আস্তানায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্দিকে দ্রুত গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।





