মুম্বই, ২৪ আগস্ট : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের চড়া দাম এবং ভূ-রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি– এই দুইয়ের সরাসরি প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম কাজের দিনেই বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তার জেরে লাল সংকেতে লেনদেন শেষ করল বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি। এর পাশাপাশি বিশ্ববাজারে মার্কিন ডলারের চড়া চাহিদা ও ঘরোয়া শেয়ার বাজারের পতনের ধাক্কায় ভারতীয় মুদ্রা টাকার মূল্যে ফের ধস নেমেছে।
সোমবার সকালে সেনসেক্স ইতিবাচক সংকেত নিয়ে লেনদেন শুরু হলেও সেই গতি ধরে রাখা সম্ভব হয়নি। লেনদেন শেষে ১৭১.৭২ পয়েন্ট কমে ৭৭,৩৬৯.১১ পয়েন্টে থমকে দাঁড়ায় সেনসেক্স। সেনসেক্সের পথ ধরে নিফটি-ও ৩২.৯৫ পয়েন্ট কমে ২৪,২১৯.০৫ পয়েন্টে লেনদেন শেষ করেছে এ দিন।
এদিকে, তেলের ঊর্ধ্বমুখী দর এবং শেয়ার বাজারে পতনের কারণে আন্তর্জাতিক বাজারে ভারতীয় টাকার দর আরও দুর্বল হয়েছে। এদিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা টাকার দাম ৩ পয়সা কমে দাঁড়িয়েছে ৯৫.৭৪ টাকা।




