নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : উন্নত অস্থি চিকিৎসায় গুরুত্বপূর্ণ সাফল্য পেল দিল্লির সফদরজং হাসপাতাল। কেন্দ্রীয় অস্থি রোগ প্রতিষ্ঠানে ২২ আগস্ট প্রথমবার রোবটের সাহায্যে সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় বিনামূল্যে এই অস্ত্রোপচার করা হয়। ৭৫ বছর বয়সি এক প্রবীণ নাগরিকের হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে।
হাসপাতাল সূত্রে রবিবার জানানো হয়েছে, নতুন রোবটিক ব্যবস্থাটিকে ভবিষ্যতে আরও উন্নত করা যাবে। এর মাধ্যমে সম্পূর্ণ ও আংশিক হাঁটু প্রতিস্থাপনের পাশাপাশি হিপ জয়েন্ট প্রতিস্থাপনও সম্ভব হবে। প্রযুক্তি ও সফটওয়্যার উন্নত করার পর রোবটের সাহায্যে মেরুদণ্ডের অস্ত্রোপচারের সুবিধাও চালু করা যেতে পারে।
রোবটিক প্রযুক্তির মাধ্যমে অস্ত্রোপচারের আগে আরও নির্ভুল পরিকল্পনা করা যায়। পাশাপাশি প্রতিস্থাপিত অঙ্গের অবস্থান নির্ধারণ এবং জয়েন্টের ভারসাম্য বজায় রাখতেও সুবিধা হয়। সরকারি হাসপাতালে এই প্রযুক্তি চালু হওয়ায় আর্থিক ভাবে দুর্বল রোগীরাও উন্নত চিকিৎসার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
ভিএমএমসি ও সফদরজং হাসপাতালের অধিকর্তা কবিতা শর্মার নেতৃত্ব, সহযোগিতা ও উৎসাহে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অস্থি রোগ প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক ড. সুমিত সুরালের চিকিৎসা নির্দেশনায় অস্ত্রোপচারটি হয়। অপারেশন দলের নেতৃত্ব দেন পরামর্শদাতা অধ্যাপক ও ইউনিট প্রধান ড. ভগবতী প্রসাদ শর্মা। অস্ত্রোপচারে সহযোগিতা করেন ড. ধ্রুব ম্যানি এবং ড. কার্তিক যাদব। অ্যানাস্থেশিয়া দলের নেতৃত্বে ছিলেন ড. সুশীল গুরিয়া। অপারেশন থিয়েটারের নার্সিং দলে ছিলেন সিস্টার রেখা ও ঋতিকা এবং প্রযুক্তিগত দলে ছিলেন বিজেন্দ্র।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




