মেলবোর্ন, ৯ জুলাই : ভারত ও অস্ট্রেলিয়া মনে করে সন্ত্রাসবাদ মানবজাতির জন্য গুরুতর চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়ার মেলবোর্নে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আজ আমরা অনেক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভারত ও অস্ট্রেলিয়া মনে করে, সন্ত্রাসবাদ সমগ্র মানবজাতির জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই যৌথ এবং এ ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত জোরদার হচ্ছে। আমরা আরও বিশ্বাস করি, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিদ্যমান নানা উত্তেজনার সমাধান নিহিত রয়েছে আলোচনা ও কূটনীতির মধ্যেই।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "আজ আমরা যখন বিশ্বের ক্রীড়া-রাজধানী মেলবোর্নে রয়েছি, তখন খেলাধুলা নিয়ে কথা না বলাটা হবে টসের পরেও ক্রিকেট ম্যাচ শুরু না হওয়ার মতো একটি বিষয়। ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের ক্ষেত্রে ক্রিকেট এক অনন্য কূটনৈতিক ভাষা। ঠিক এ কারণেই আমাদের বৈঠকগুলো অনেকটা ক্রিকেট ম্যাচের মতো মনে হয়—আমাদের আলোচনার বিষয়বস্তুতে থাকে একদিনের ম্যাচের মতো সুনির্দিষ্ট লক্ষ্য, আর আমাদের অংশীদারিত্ব টেস্ট ম্যাচের মতোই দীর্ঘস্থায়ী ও গভীর।"





