বিজয়পুর, ২৬ আগস্ট (হি.স.): কর্নাটকের বিজয়পুরে একটি হ্রদ থেকে উদ্ধার হলো এক মহিলা ও তাঁর ৫ সন্তানের দেহ। বুধবার পুলিশ এই বিষয়ে জানিয়েছে। জানা গেছে, শোভা ও তাঁর সন্তানেরা নিখোঁজ বলে সোমবার একটি অভিযোগ দায়ের করেছিলেন শোভার স্বামী মল্লিকার্জুন জলাগেরি। পরে তাদের দেহ ভূতনালা হ্রদ থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃতদের শনাক্ত করা গেছে। তাঁরা হলেন, তোরাভি গ্রামের শান্তিনগরের বাসিন্দা শোভা জলাগেরি (৩৫) এবং তাঁর সন্তান বিদ্যা (১৫), সুবর্ণা (১৩), টিপ্পারায়া (১২), সানিকা (১০) ও বিকাশ (৬)।
পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিএলডিই হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। পুলিশ আরও জানিয়েছে, তারা কীভাবে হ্রদের জলে পড়ল, তা নিশ্চিত করতে তদন্ত চালানো হচ্ছে।
বিজয়পুরের পুলিশ সুপার লক্ষ্মণ নিম্বারগি জানিয়েছেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে তদন্তের পরই মূল কারণ জানা যাবে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার স্বামী মল্লিকার্জুন জলাগেরি তাঁর অভিযোগে জানিয়েছিলেন, ঝগড়ার পর তাঁর স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে ঘর ছেড়ে চলে গিয়েছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ



