গুয়াহাটি : ট্রাফিক আইন লঙ্ঘন, নির্ধারিত রুট থেকে বিচ্যুতি এবং যাত্রী নিরাপত্তা নিয়ে ক্ৰমবৰ্ধমান অভিযোগের প্রেক্ষিতে গুয়াহাটিতে ‘অসম রাজ্য পরিবহণ নিগম’ (এএসটিসি)-এর অধীন সিএনজি ও বিদ্যুৎচালিত সবুজ (গ্রিন) বাস পরিষেবার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে কামরূপ (মেট্রো) জেলা প্রশাসন। নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও সবুজ বাস ট্রাফিক আইন ভঙ্গ করলে বা রুট লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বাসটিকে সাত দিনের জন্য পরিষেবা থেকে প্রত্যাহার করা হবে।
ইতিমধ্যেই চলমান অভিযানে ৬৩ জন সবুজ বাসচালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছেন জেলা পরিবহণ দফতরের (ডিটিও) এনফোর্সমেন্ট শাখার আধিকারিকরা।
আজ মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে কামরূপ মেট্রোর জেলাশাসক স্বপ্নীল পাল জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মৌখিক নির্দেশ জারি করা হয়েছে, যা শীঘ্রই রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ)-র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।
তিনি বলেন, সবুজ বাসগুলির নির্ধারিত রুট ছেড়ে অন্য পথে চলাচলের একাধিক ঘটনা নজরে এসেছে, যার ফলে যাত্রীরা সমস্যায় পড়ছেন। নতুন নিয়ম অনুযায়ী, রুট লঙ্ঘনের একটি অভিযোগও প্রমাণিত হলে শুধু চালক ও সহকারীর বিরুদ্ধে নয়, সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, বাসটিকে সাত দিনের জন্য পরিষেবা থেকে সরিয়ে রাখা হবে।
জেলাশাসক আরও জানান, অসম রাজ্য পরিবহণ নিগমকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে শহরের ১৬-১৭টি নির্ধারিত রুটে সবুজ বাসগুলিকে সমানভাবে বণ্টন করা হয়। তিনি বলেন, কিছু রুটে অতিরিক্ত বাস চলাচলের ফলে পরিচালনাগত সমস্যা তৈরি হচ্ছে। তাই সব রুটে ভারসাম্যপূর্ণ পরিষেবা নিশ্চিত করতে বাস বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া মোটরযান আইনের অধীনে সবুজ বাস সংক্রান্ত যে কোনও নিয়মভঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে জেলা পরিবহণ দফতরের এনফোর্সমেন্ট শাখাকে।
গুয়াহাটি ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) জয়ন্তসারথি বরা জানান, ইতিমধ্যেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৬৩ জন চালকের লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি বলেন, জেলাশাসক শুধু চালক বা সহকারীর বিরুদ্ধে নয়, নিয়মভঙ্গকারী বাসটিকেও সাত দিনের জন্য রাস্তা থেকে সরিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। আরটিও-র যে কোনও নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে গুয়াহাটি পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।
ডিসিপি আরও জানান, সবুজ বাসগুলিকে বাম দিকের লেনেই চলাচল করতে হবে। সামনের বাস থেমে থাকলেও পিছনের বাস ডান দিকের লেনে গিয়ে ওভারটেক করতে পারবে না। এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট বাসকে সাত দিনের জন্য পরিষেবা থেকে প্রত্যাহার করা হবে।
জেলা প্রশাসনের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে গুয়াহাটির গণপরিবহণ ব্যবস্থায় সড়ক নিরাপত্তা বৃদ্ধি, নির্ধারিত রুটে বাস চলাচল নিশ্চিত করা এবং যাত্রী পরিষেবার মান উন্নত করা সম্ভব হবে।






