মুম্বই, ৭ জুলাই (হি.স.): ভারী বৃষ্টিতে মুম্বইয়ে দুর্ভোগ অব্যাহত। মঙ্গলবারও ভারী বৃষ্টি অব্যাহত বাণিজ্যনগরীতে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মুম্বই, কোলাপুর, সাতারা, সিন্ধুদুর্গ এবং রত্নাগিরি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এদিকে বৃষ্টির জেরে একাধিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। ভারী বৃষ্টিতে নাসিকেও স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন রাস্তা। ভারী ও টানা বৃষ্টিতে মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের নালা সোপারা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
বিগত ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি রয়েছে, মঙ্গলবার বন্ধ রয়েছে স্কুল-কলেজ। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মুম্বই ও পার্শ্ববর্তী এলাকাগুলির জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে এবং মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। গত ৪৮ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে মুম্বইয়ের জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিএমসি মুম্বইয়ের সমস্ত সরকারি, বেসরকারি ও পৌর স্কুল-কলেজের জন্য মঙ্গলবার সতর্কতামূলক ছুটি ঘোষণা করেছে।






